প্রাইম ভিশন ডেস্ক »
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। অন্যদিকে, এবারের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে তার দল।
লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে এবারের নির্বাচনে জয়ী হয়েছেন রুশনারা আলী। তিনি ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে পঞ্চমবারের মতো নির্বাচিত হলেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট।
যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সাল থেকে এর আগে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি। ২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন রুশনারা। এরপর তিনি ২০১৩ সালে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন।
এদিকে, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে এবারের নির্বাচনে। পরাজয় মেনে নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
নির্বাচনের ফলাফলে দেখা গেছে ৪১০ আসনে জয় (এই রিপোর্ট লেখা পর্যন্ত) পেয়েছে লেবার পার্টি। যেখানে সরকার গঠনে প্রয়োজন ছিল ৩২৬ আসন।
কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১১৯টি আসন। এছাড়া লিবারেল ডেমোক্র্যাটরা ৭০টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টি ৯টি এবং এসএফ পেয়েছে ৭টি আসনে জয়লাভ করেছে। আর অন্যরা পেয়েছেন ২৮টি আসন।
ব্রেক্সিট-পরবর্তী সময় থেকে ভঙ্গুর অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন সমস্যাসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত যুক্তরাজ্যের বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে গত ২২ মে আকস্মিক আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ২০১০ সাল থেকে টানা তিনবার ক্ষমতায় ছিল তার দল কনজারভেটিভ পার্টি।


