প্রাইম ভিশন ডেস্ক »
বৃষ্টি-বন্যার অজুহাতে প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্য পেঁয়াজের দাম। রাজধানীতে এখন এক কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ১২০ টাকা। অথচ মাত্র এক সপ্তাহ আগেও খুচরা বাজারে পেঁয়াজের কেজি ছিল ৯০ টাকা। সোমবার (৮ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে পেঁয়াজের বাড়তি দামের সত্যতা পাওয়া গেছে। এলাকাভেদে এসব দোকানে সর্বোচ্চ ১২০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। এ অবস্থায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজ ও আলু আমদানির চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন।
বাণিজ্য সচিব বলেন, ‘টিসিবির জন্য পেঁয়াজ, আলু আমদানির চেষ্টা চলছে। আশা করি, শিগগির আনতে পারব। এই মুহূর্তে পেঁয়াজ, আলু, চিনি মজুদ না থাকায় বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে প্রক্রিয়ার মধ্যে আছে, সম্ভব হলে দেওয়া হবে।’ বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘কিছু কিছু পণ্যের দাম ওঠানামা করছে, আমরা বাজার মনিটরিং করছি।’


