প্রাইম ভিশন ডেস্ক »
শরীয়তপুরের ভেদরগঞ্জে ফারুক মোল্লা (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে জখম করা হয় তার ছোট ভাই ফরহাদ মোল্লাকে (৩৫)।
বুধবার (৭ আগস্ট) রাতে উপজেলার চরকুমারীয়া ইউনিয়নের গনি মোল্লার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক মোল্লার বসতবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা বাড়িতে ঢুকে ফারুক মোল্লা ও তার ছোট ভাই ফরহাদ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়।
এরপর দুর্বৃত্তরা তাদের ১২টি ঘরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। পরে স্বজনরা ফারুক ও ফরহাদকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। আর ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহতের ভাই ও স্থানীয় ইউপি সদস্য সিরাজ মোল্লা বলেন, ‘আমরা রাজনীতি করার সময়ে কারো কোনো ক্ষতি করিনি। সম্রাট, অশ্রু, অনিক আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়া কোপাইছে। আমার আরেক ভাইয়ের অবস্থাও খুব খারাপ, মনে হয় সেও বাঁচবে না। ওরা আমাদের বাড়ি-ঘর সব জ্বালাই দিছে। আমরা এ ঘটনার বিচার চাই।’
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিকা বলেন, স্বজনরা ফারুককে গুরুতর আহত অবস্থায় নিয়ে এসেছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল।


