প্রাইম ভিশন ডেস্ক »
সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক এর অংশ হিসেবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে নিউমার্কেট এলাকায় জড়ো হতে শুরু করে শিক্ষার্থী ও নানা পেশার মানুষ। এ সময় তারা ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনী হাসিনার ফাঁসি চাই, স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো একসাথে, খুনী হাসিনার ঠিকানা, এই বাংলায় হবে না, শেখ হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান- এমন ধরনের নানা স্লোগান দিতে থাকেন।
এ সময় নগরীর সদরঘাট, কোতোয়ালি, জুবিলী এবং কেসিদে রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বেশিরভাগ সড়কেই থেমে থেমে চলছে যানবাহন। এ সময় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে।
গত ১৩ আগস্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিতে সারাদেশে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসেবে পরপর দু’দিন নগরের ষোলশহর স্টেশন এলাকায় মিছিল-সমাবেশ করেন তারা।
চার দফা দাবি হলো— ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে; সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে; তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।
প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।


