প্রাইম ভিশন ডেস্ক »
দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহই আলোচনায় আসছে বিভিন্ন ধরনের খবর। কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু থেকেই নীরব ছিলেন দেশের ক্রিকেটের সবথেকে বড় তারকা সাকিব আল হাসান। ফলে তাকে ভক্তদের তোপের মুখেও পড়তে হয়েছে। এদিকে গতকাল রাতে সাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে চাউর হয় নতুন গুঞ্জন। টাইগারদের সাবেক এই অধিনায়ককে নিয়ে ওঠা গুঞ্জন নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী শিশির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল ছড়িয়ে পড়ে বেশি কিছু ছবি। এসব ছবিতে সাকিব এবং বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে একসাথে দেখা যায়। এ দুজনের সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন চাউর হয়।
সাকিবকে নিয়ে ওঠা এসব গুঞ্জনের জবাবই ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন তার স্ত্রী শিশির। শিশির লিখেন, ‘আপনার হয়ত তার (সাকিব আল হাসান) ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক-স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ, যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।’
সাকিব এখনো আগের মতোই আছেন জানিয়ে শিশির আরও লিখেন, ‘আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলে, সে এখনও সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে।’
পাকিস্তান সিরিজ খেলতে এখন দলের সঙ্গে দেশটিতেই আছেন সাকিব। শিশির লিখেছেন, ‘আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে। কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। তার এখন পাকিস্তান সিরিজে নজর দেয়ার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেবো। আমরা সবসময়ই টিম হয়ে ছিলাম, আর তেমনই থাকব ইন শা আল্লাহ।’
এদিকে শিশির সাকিবের সঙ্গে ফেসবুকে থাকা অনেক ছবি সরিয়ে নিয়েছেন এমন গুঞ্জনও ওঠেছিল। দীর্ঘ স্ট্যাটাসের শেষে এসব নিয়ে শিশির লিখেছেন, ‘আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি। কেবল তা প্রাইভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না।’


