প্রাইম ভিশন ডেস্ক »
‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেক হতে চলেছে চিত্রনায়িকা পরীমনির। নতুন বছরের ১৭ই জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এবার তার আগে সামনে এলো সিনেমায় পরীমনির লুক। ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীর চরিত্রের নাম লাবণ্য। এ ছবিতে নিজের লুক প্রকাশ করে পরীমনি সামাজিক মাধ্যমে লিখেছেন, লাবণ্যর সঙ্গে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলিত করে। চমৎকার মন, বিশেষ করে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।
পরীর এমন লুক বেশ প্রশংসা কুড়াচ্ছে নেটদুনিয়ায়। সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। এতে পরীমনি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। ছবিটির শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। এদিকে ঢালিউডে একটা সময় বেশ ব্যস্ত সময় পার করেছেন পরী। সন্তান জন্মের পর কাজ কমিয়ে দিয়েছেন তিনি। তবে সময় ও সুযোগ বুঝে ঠিকই ‘ফেলুবক্সী’তে কাজ করেছেন পরী। দেশেও পরীর একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিতে অভিনয় করা প্রসঙ্গে পরীমনি বলেন, লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো।
সেই কারণে চরিত্রটা করেছি। কতোটা ভালো পেরেছি বা পারছি, সেটি দর্শক বলবেন। ‘ফেলুবক্সী’ সিনেমাটি থ্রিলার ঘরানার। নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সঙ্গে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমনি।


