প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের পটিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী পিকনিকের বাসের ধাক্কায় যাত্রীবাহী মিনিবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি ও চালককে আটক করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী এ কে ট্রাভেলস পরিবহনের একটি পিকনিকের বাস পেছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনিবাসের দুই যাত্রী নিহত হন। এ সময় মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে খাদে ছিটকে পড়ে। এ ঘটনায় ২ যাত্রী নিহত ও ৪ জন আহত হন।
নিহতরা হলেন, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর ছেলে মো. ভোলা (৫০) ও একই এলাকার সাবু (৬০)।
নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে স্থানীয়রা জানান। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


