বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেইলন মাস্কের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ

ইলন মাস্কের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ

প্রাইম ভিশন ডেস্ক »

মাঝ আকাশেই ভেঙে গেল ইলন মাস্কের স্বপ্নের স্টারশিপ। বৃহস্পতিবার টেক্সাস থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের পর কিছুক্ষণ পরই মহাকাশযানটি ভেঙে টুকরো হয়ে যায়। এই ঘটনার ফলে বিস্তীর্ণ এলাকার বিমান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে অন্তত ২০টি বিমান ঘুরিয়ে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার উৎক্ষেপণের পর সফলভাবে প্রথম ধাপের বুস্টারকে পৃথিবীতে ফিরিয়ে আনলেও সমস্যা দেখা দেওয়ায় মহাকাশযানের উপরের অংশটি হারিয়ে যায় বলে জানিয়েছেন স্পেসএক্স-এর কর্মকর্তারা।

মার্কিন ফেডারাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, মহাকাশযানের ধ্বংসাবশেষ পড়ার সম্ভাব্য এলাকার আশপাশে বিমান চলাচল কিছু সময়ের জন্য স্থগিত এবং রুট পরিবর্তন করা হয়। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, অন্তত ২০টি বিমান তাদের রুট পরিবর্তন করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষ ক্যারিবিয়ান অঞ্চলের ওপর দিয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করছে।

মাস্ক জানিয়েছেন, মহাকাশযানের ইঞ্জিনের ফায়ারওয়ালের ওপরে অক্সিজেন বা জ্বালানি লিকের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। ভবিষ্যতে লিক প্রতিরোধে আরও ব্যবস্থা নেওয়া হবে, যেমন ফায়ার সাপ্রেশন যুক্ত করা এবং বায়ু নির্গমন স্থান বাড়ানো।

তিনি আরও বলেন, ‘পরবর্তী উৎক্ষেপণ আগামী মাসে হবে বলে আপাতত কোনো বাধা দেখছি না।’

টেক্সাসের ব্রাউনসভিল থেকে উৎক্ষেপণের সাড়ে আট মিনিট পর স্টারশিপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মহাকাশযানটি ১০টি ডামি স্যাটেলাইট নিয়ে আংশিকভাবে পৃথিবী প্রদক্ষিণের পরিকল্পনা করেছিল।

স্পেসএক্সের পক্ষ থেকে বলা হয়েছে, ‘স্টারশিপ উৎক্ষেপণের সময় একটি অনাকাঙ্ক্ষিত ভাঙনের ঘটনা ঘটেছে। এ ধরনের পরীক্ষায় ব্যর্থতাও শেখার একটি অংশ, যা ভবিষ্যতে স্টারশিপের কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে।’

এদিনই জেফ বেজোসের ব্লু অরিজিন তাদের নিউ গ্লেন রকেট সফলভাবে উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছে।

মাস্ক মজা করে বলেন, বেজোসের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা ২০০৮ সালের কমেডি মুভি স্টেপ ব্রাদার্স-এর মতো।

স্পেসএক্সের এই মিশন ছিল স্টারশিপের সপ্তম পরীক্ষা। মাস্কের স্বপ্ন, একদিন এই মহাকাশযান মানুষ ও পণ্য নিয়ে মঙ্গল গ্রহে পৌঁছাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়