প্রাইম ভিশন ডেস্ক »
বহুল প্রতীক্ষিত পৌরাণিক কাহিনিনির্ভর মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’ মুক্তির প্রথম তিন দিনেই বিশ্ব জুড়ে বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। এটি এখন পর্যন্ত আয় করেছে ৩৬৬ কোটি ৫৮ লাখ রুপি।
গত বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ চলচ্চিত্র শনিবারে এসে আয়ের গতিতে বড় ধরনের উত্থান দেখিয়েছে। ভারত ও আন্তর্জাতিক— দুই বাজারেই বেড়েছে দর্শক আগ্রহ। মুক্তির তৃতীয় দিন এর বিশ্বব্যাপী আয় হয়েছে ১৪০ কোটি ৬৩ লাখ রুপি, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ আয়। প্রথম দিন এটি আয় করে ১২৫ কোটি ৫৫ লাখ রুপি। দ্বিতীয় দিন শুক্রবার সেই আয় কমে দাঁড়ায় ১০০ কোটি ৪০ লাখ রুপিতে। তবে শনিবারে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এদিন ভারতের বাজারে শনিবার উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। বৃহস্পতিবার মুক্তির প্রথম দিনে সব ভাষা মিলিয়ে এর আয় ছিল ৬২ কোটি ৪৭ লাখ রুপি। শুক্রবার সেটি কমে দাঁড়ায় ৪৫ কোটি ৮৪ লাখ রুপিতে। তবে শনিবার আয় এক লাফে বেড়ে হয়েছে ৬৭ কোটি ৮০ লাখ রুপি।
এ নিয়ে মুক্তির প্রথম তিন দিনে ভারতের বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৭৬ কোটি ১১ লাখ রুপি।
প্রথম দুদিনেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির আয়ের মাইলফলক পেরিয়েছে ‘রামায়ণ’। ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী আয় করা সিনেমার তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে এটি। এ ছাড়া ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে এই চলচ্চিত্র।
বিশাল বাজেট, পৌরাণিক কাহিনি এবং রণবীর কাপুর, ইয়াশ, সাই পল্লবীসহ তারকাবহুল অভিনয়শিল্পীদের সুবাদে ‘রামায়ণ: পার্ট ওয়ান’কে ঘিরে ভারতের বাইরেও দর্শকের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। ফলে আন্তর্জাতিক বাজার থেকে পাওয়া আয় বাণিজ্যিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বড় পর্দায় ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর চোখধাঁধানো দৃশ্যের প্রশংসা করছেন সমালোচকরা। রাবণ চরিত্রে ইয়াশে মুগ্ধতা ছড়িয়ে পড়ছে দর্শকের মধ্যে।


