Homeবিনোদনপুরুষ মানুষ ললিপপের মতো

পুরুষ মানুষ ললিপপের মতো

প্রাইম ভিশন ডেস্ক »

তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী ঘর বেঁধেছেন—এমন গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়ে নিজের বিয়ের খবরটি বেশ রহস্যজনকভাবে প্রকাশ করেছেন এই তারকা। বরের মুখ ফুল দিয়ে ঢেকে ছবি পোস্ট করে তৈরি করেছেন তুমুল আলোচনা। পরে বরকে নিয়ে করা তার দ্বিতীয় পোস্টটিও ব্যাপক সাড়া ফেলেছে অনুরাগীদের মাঝে।

জানা গেছে, গত ২৬ অক্টোবর দেশের বাইরে পারশা ও তার জীবনসঙ্গীর আক্দ সম্পন্ন হয়। ভিসা জটিলতার কারণে সেই মুহূর্তে গায়িকার পরিবার উপস্থিত থাকতে না পারলেও বরের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

এরপর গত ৭ নভেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের একটি ছবি শেয়ার করেন পারশা। ছবিতে তাকে বরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও, বরের মুখটি ছিল ফুল দিয়ে পুরোপুরি ঢাকা।

সেই পোস্টের ক্যাপশনে রসিকতার ছলে পারশা লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই।’ পাশাপাশি, বরের পরিচয় নিয়ে তাকে বা তার পরিবারকে বিব্রত না করার বিনীত অনুরোধও জানিয়েছেন তিনি।

এই লুকোচুরির রেশ কাটতে না কাটতেই গতকাল শনিবার (৭ নভেম্বর) বরের সঙ্গে আরও একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন পারশা। সেই পোস্টের ক্যাপশন নেটিজেনদের মাঝে আরও বেশি হাসির খোরাক ও আলোচনার জন্ম দিয়েছে। ওই পোস্টেও নিজের মুখ দেখালেও ছবিতে থাকা বরের মুখ ফুলের আড়ালে ছিল।
সেই পোস্টের ক্যাপশনে গায়িকা লিখেছেন, ‘পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। খোসা ছাড়ানো কলায় মাছি বসবে, অনাবৃত মিষ্টিতে পোকামাকড়ের উপদ্রব ঘটবে, এটাই প্রকৃতির স্বাভাবিক বিধান। এমতাবস্থায় পিঁপড়া কিংবা মাছির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নিতান্তই অযৌক্তিক। ভালো ঘরের পুরুষেরা রূপ-যৌবন দেখিয়ে বেড়ায় না। স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।’

পারশার এমন অভিনব ও রসাত্মক ক্যাপশন মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে। তবে এ নিয়ে নেটিজেনদের মাঝে কৌতূহল ক্রমশই বাড়ছে। ইতোমধ্যে তার বরের পরিচয় নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা গুঞ্জন ও আলোচনা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়