Homeমুল পাতা‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী মাহি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী মাহি

প্রাইম ভিশন ডেস্ক »

ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী সামিরা খান মাহি নতুন করে খবরের শিরোনামে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হয়েছেন তিনি। ফলে শোবিজ অঙ্গনের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করতে এক ধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে জমকালো এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। এদিন মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা।

বিজয়ীর নাম ঘোষণার সেই মুহূর্তটি ছিল সত্যিই রোমাঞ্চকর। টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে যখন মাহির নাম ঘোষণা করা হয়, তখন আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি। এরপর গতবারের বিজয়ী তানজিয়া জামান মিথিলা অত্যন্ত আনন্দের সঙ্গে মাহির মাথায় মুকুট পরিয়ে দেন। এ সময় মঞ্চে উপস্থিত থেকে মাহির আনন্দকে দ্বিগুণ করে দেন জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা।

এদিন রূপের জাদুতে চারপাশ আলোকিত করে রেখেছিলেন তারকারা। মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের একটি জমকালো মারমেইড গাউন, যার অফ-শোল্ডার ডিজাইনে ছিল ভারী পাথরের চমৎকার কাজ। অন্যদিকে, বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা পরেছিলেন হালকা নীল ও সিলভার রঙের একটি দৃষ্টিনন্দন গাউন।

জাতীয় পর্যায়ে এই মুকুট জয়ের পরই শুরু হচ্ছে মাহির নতুন মিশন। আয়োজকরা জানিয়েছেন, আগামী ১১ নভেম্বর থেকেই পুয়ের্তো রিকোতে শুরু হতে যাচ্ছে ৭৫তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতা। আর সেখানেই বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা হাতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।

মুকুট জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছেন—যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

অভিনয়ে সাবলীল ও আত্মবিশ্বাসের জোরে ইতোমধ্যে ছোটপর্দার দর্শকের কাছে ভালো পরিচিতি পেয়েছেন সামিরা খান মাহি। এখন অপেক্ষা বিশ্বমঞ্চে তার দারুণ কোনো অর্জনের।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়