প্রাইম ভিশন ডেস্ক »
দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাদের ঘরবাড়ি ভাঙচুর, হামলা, পাল্টা হামলার ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে থাকা ম্যুরাল ভাঙচুর হবে এমন তথ্যের ভিত্তিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে এই এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিরাপত্তা বাড়ানোর অংশ হিসেবে আদালতের প্রত্যেকটি প্রবেশ মুখে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসিসহ অন্যান্য সরঞ্জাম। খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকে। চলমান রয়েছে তল্লাশি কার্যক্রমও। বিশৃঙ্খলা ঠেকানোসহ রাষ্ট্রীয় স্থাপনা রক্ষার দায়িত্ব পালন করছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা বলেন, সুপ্রিম কোর্টের ভেতরে ম্যুরাল ভাঙার খবর এসেছে আমাদের কাছে। এই ম্যুরাল ভাঙার পাশাপাশি যদি সুপ্রিম কোর্টে হামলা হয় তাহলে সেটি হবে অত্যন্ত নেতিবাচক দিক। এই বিবেচনায় আজকে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে সেনাবাহিনীর সদস্যদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, যতক্ষন পর্যন্ত সুপ্রিম কোর্টে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে ততক্ষণ সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষার কাজ করবে।
এ ব্যাপারে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সুপ্রিম কোর্টের ভেতর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’


