প্রাইম ভিশন ডেস্ক »
খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী অপহরণের একদিন পেরিয়ে গেলেও তারা উদ্ধার হয়নি। তবে যৌথ বাহিনীর অভিযানে অপহৃতদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার সকালে পাহাড়ের বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চবি ক্যাম্পাসে যাওয়ার পথে সদরের গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা।
অপহৃতরা হলেন, চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও পিসিপির চবি শাখার সদস্য রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা ও প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো। এ ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে ইউপিডিএফকে দায়ী করলেও সংগঠনটি অস্বীকার করেছে।
চবির ৫ শিক্ষার্থী অপহরণের পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের উদ্ধার করতে পারেনি। একটি সূত্র জানিয়েছে, অপহৃত পাঁচ শিক্ষার্থীর অভিভাবকদের বৃহস্পতিবার দুপুরে অপহরণকারীরা সাক্ষাতের জন্য ডেকেছে। তবে কোন স্থানে অভিভাবকদের সাক্ষাত করা হবে, তা স্পষ্ট করে জানাতে পারেনি সূত্রটি।
এদিকে, পাঁচ শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও অপহৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত ১৮৩ জন আদিবাসী শিক্ষার্থীরা যৌথ বিবৃতি দিয়েছেন।


