প্রাইম ভিশন ডেস্ক »
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের কমিটি আসার খবরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১০ জুলাই (বৃহস্পতিবার) রাত ১১ টায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের এরুপ প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা যায়।
জানা যায়, বৃহস্পতিবার অত্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা কমিটি প্রকাশের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেকোনো ধরনের ছাত্ররাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন।
পরবর্তীতে রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে মিছিল শুরু করেন এবং সবগুলো ছাত্র ও ছাত্রী হল প্রদক্ষিণ করে উপাচার্য ভবন পর্যন্ত এগিয়ে যান। এসময় তারা “ছাত্র রাজনীতির ঠিকানা, এই চুয়েটে হবে না”; ’লাল কার্ড লাল কার্ড-ছাত্র দল লাল কার্ড’, ‘ছাত্র শিবির লালকার্ড, ছাত্র ইউনিয়ন লাল কার্ড”; “চুয়েটের মাটি, চুয়েটিয়ানদের ঘাটি” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।


