প্রাইম ভিশন ডেস্ক »
দক্ষিণী অভিনেতা ধানুশের বিবাহবিচ্ছেদ হয়েছে খুব বেশি দিন হয়নি। এরই মধ্যে নাকি নতুন প্রেম খুঁজে পেয়েছেন তিনি। ‘সীতা রমন’খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন এই নায়ক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে এই নতুন গুঞ্জন। এ ছাড়া সম্প্রতি একাধিক অনুষ্ঠানে দেখা গেছে দুজনকে। যেখানে তাদের রসায়ন ভক্তদের নজর এড়াতে পারেনি। গত ১ আগস্ট ছিল ম্রুনাল ঠাকুরের জন্মদিন। অভিনেত্রীর সেই তারকাখচিত জন্মদিনে ধানুশ আসার পর থেকেই এই জল্পনা তৈরি হয়েছে।
এ ছাড়া জন্মদিনের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, ম্রুণালের হাত ধরে রয়েছেন ধানুশ। একজন অন্যজনের হাত ধরেই ঘনিষ্ঠভাবে কথা বলছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটাগরিকের মনে প্রশ্ন, ধানুশ ও ম্রুণাল কি প্রেম করছেন? সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুণালের ছবি ‘সান অব সর্দার ২’। সেই ছবির বিশেষ প্রদর্শন দেখার জন্য মুম্বাই উড়ে গিয়েছিলেন ধানুশ। সেই প্রদর্শন থেকেও একটি ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেও ম্রুণাল ও ধানুশকে একসঙ্গে দেখা গেছে। বেশ ঘনিষ্ঠভাবেই কথা বলছিলেন দুজন। তাদের এই ঘনিষ্ঠতা দেখে ভক্তদেরও বুঝতে বাকি নেই, রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর হয়তো ম্রুণালকেই মন দিয়েছেন অভিনেতা। তবে এই প্রথম নয়। এর আগেও কণিকা ঢিলোঁর পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল ধানুশ ও ম্রুণালকে। অভিনেতার আসন্ন ছবি ‘তেরে ইশক মে’ ঘিরে এই পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টির কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন কণিকা। সেখানেও ধানুশ ও ম্রুণালকে একসঙ্গেই দেখা গেছে।


