প্রাইম ভিশন ডেস্ক »
বেশি বয়স্ক বন্দিদের মুক্তি দেওয়ার কথা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
উপদেষ্টা বলেন, ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ বর্তমানে ৩০ বছর। বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হতে পারে ২০ বছর। তবে পুরুষদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদন্ডের মেয়াদ আরেকটু বেশি হবে। তবে যাবজ্জীবন কারাদণ্ডের এ বিধান নির্ভর করবে সাজার সময়কালে আসামির বয়সের ওপর। তবে এ বিধান এখনো চূড়ান্ত হয়নি এবং এতে কিছু শর্ত যুক্ত থাকবে।
তিনি বলেন, ‘ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়নের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনগণের আন্দোলন কোনোভাবেই কাম্য নয়। এটা নির্বাচন কমিশনের বিষয়। তারা যুক্তিতর্কের ভিত্তিতে সবকিছু শোনার পর এ সিদ্ধান্ত নিয়েছে।
‘ওই এলাকার জনগণের যে অভিযোগ, সেটা তারা যথাযথ চ্যানেলে আবেদন করতে পারে। কোনোভাবেই রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই। রাস্তা অবরোধ করে আন্দোলন আর কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে অবরোধ তুলে না নেয়, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগ করতে বাধ্য হবে।’


