প্রাইম ভিশন ডেস্ক »
লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে (১৯) নিজ বাসায় জবাই করে হত্যা করেছে দূর্বত্তরা। এসময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) মাগরিব থেকে এশা পর্যন্ত যেকোনো সময়ে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে ঘটনা ঘটে।
নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। তাদের সন্তান মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারের বড় ব্যবসায়ী। বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিল। বাড়িতে জুলেখা ও মীম একা ছিল। সেই সুযোগে দূর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে জবাই করে হত্যা করে। পরে বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
ফারুক হোসেন নামে এক ব্যক্তি জানান, মা-মেয়েকে জবাই করে হত্যা করে দূর্বত্তরা পালিয়ে গেছে। ঘটনাটি খুবই ভয়াবহ। ওই বাড়িতে বিপুলসংখ্যক পুলিশ ও আশপাশের লোকজন জড়ো হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল আছি। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা।
এর আগে গত ১৩ মে রাতে একই উপজেলার একই ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়িতে ঘরে ঢুকে তাজিয়া বেগম (৬৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়।


