প্রাইম ভিশন ডেস্ক »
রেলওয়ে হাসপাতালে প্রতিদিন হাতে গোনা কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের এপ্রিলে সাধারণ রোগীদের জন্য হাসপাতালটি উন্মুক্ত করা হলেও অন্য হাসপাতালের চাপ কমাতে তা কার্যকর হয়নি।
হাসপাতালটিতে বর্তমানে ১৭ জন চিকিৎসক, ৬ জন নার্স, ১৭ জন ওয়ার্ড অ্যাটেনডেন্ট এবং ৩৮ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছেন, কিন্তু কাজের চাপ নেই বললেই চলে।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় মেডিকেল অফিসার তাহমিনা ইয়াসমিন বলেন, “ইনডোর চালু করতে গেলে সাধারণ রোগীদের খাবার ও ওষুধ নিশ্চিত করতে হবে। এখনো তা সম্ভব হয়নি, তাই আপাতত শুধু আউটডোর সেবা চালু রাখা হয়েছে।”
রেলওয়ে হাসপাতালের তথ্য অনুযায়ী, প্রতিদিন ইনডোর বিভাগে গড়ে ৫ জন রোগী চিকিৎসা নেন। তবে সরেজমিনে দেখা গেছে, ভর্তি রোগী মাত্র ২ জন। অধিকাংশ কক্ষে ঝুলছে তালা; জানালা দিয়ে দেখা যায়, বহু শয্যা অযত্নে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ভেতরে দায়িত্বপ্রাপ্ত নার্স ও কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন।
রেলওয়ে জেনারেল হাসপাতাল মূলত রেলকর্মী ও তাদের পরিবারের জন্য চালু হয়েছিল। রোগীর চাপ কমাতে গত এপ্রিলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেলওয়ের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর হাসপাতালটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। মে মাসে চালু হয় আউটডোর সেবা। তবে ইনডোর সেবা চালুর জন্য প্রয়োজনীয় খাবার ও ওষুধের ব্যবস্থা না থাকায় এখনো ভর্তি কার্যক্রম শুরু হয়নি। এখানে রেলকর্মী ও তাদের পরিবারের সদস্যরা বিনা মূল্যে চিকিৎসা পান, আর সাধারণ রোগীদের কাছ থেকে ৫ টাকা ফি নেওয়া হয়। রেলওয়ে হাসপাতালের আউটডোরে প্রতিদিন গড়ে ১৫০ জন রোগী চিকিৎসা নেন।
বর্তমানে হাসপাতালটির বহির্বিভাগে অর্থোপেডিকস, গাইনোকোলজি ও অবস, মেডিসিন, চর্ম ও যৌন, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল এবং সার্জারি বিভাগের চিকিৎসা দেওয়া হয়। তবে জরুরি বিভাগ বা সার্জারি চালুর মতো অবকাঠামো এখনো গড়ে ওঠেনি। সীমিত আকারে চলছে ল্যাবরেটরি ও রেডিওলজি সেবা।
রেলওয়ে পূর্বাঞ্চলের তথ্য অনুযায়ী, ৪টি হাসপাতাল ও ১৭টি ডিসপেনসারির (প্রাথমিক চিকিৎসা কেন্দ্র) জন্য বার্ষিক বরাদ্দ বাজেট মাত্র ১ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে ১ কোটি টাকা ওষুধ এবং ৫০ লাখ টাকা সার্জিক্যাল সরঞ্জামের জন্য নির্ধারিত। ফলে পর্যাপ্ত অর্থের অভাবে রেলওয়ে হাসপাতালগুলোকে কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না।


