Homeএই মুহুর্তেশেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুতে নির্বাচন স্থগিত

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুতে নির্বাচন স্থগিত

প্রাইম ভিশন ডেস্ক »

শেরপুর-৩(শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) মারা গেছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান। তিনি মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী উক্ত আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে আজ রাত ৩টা ২৪ মিনিটে এক পোস্টের মাধ্যমে নুরুজ্জামানের মৃত্যুর তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় নুরুজ্জামান মারা যান। তিনি জামায়াতের শেরপুর জেলা কমিটির সেক্রেটারি ছিলেন।

এ ছাড়া, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার অফিশিয়াল ফেসবুক একাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘শেরপুর-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জামায়াত মনোনীত প্রার্থী, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ নুরুজ্জামান বাদল ভাইয়ের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি গতকাল আনুমানিক রাত ৩ ঘটিকায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

তিনি আরও লিখেছেন, ‘ইসলামী আন্দোলনের প্রতি তাঁর অঙ্গীকার ছিল অটুট। অল্প কিছুদিন আগেই নিজের চোখের সামনে রেজাউল করিমকে সন্ত্রাসীদের হাতে শহীদ হতে দেখার মতো মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েও তিনি মনোবল হারাননি। কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে গিয়েছেন- যা তাঁর দৃঢ়তা, সাহস ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত।’

এদিকে, নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।

আইন অনুযায়ী, এ ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক ‘বৈধ প্রার্থী’ হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনি কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন এবং পরবর্তী সময়ে কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়