প্রাইম ভিশন ডেস্ক »
আগামী এপ্রিল মাসে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের পর থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু করতে পারে প্রতিবেশী দেশটি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ (২১ ফেব্রুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নির্বাচনে ২৯৪টি আসনের জন্য সদস্য নির্বাচিত হবে। ধারণা করা হচ্ছে, ওই নির্বাচনের পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ও মেডিকেল ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রদান কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
এর আগে গত বুধবার সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায় সাংবাদিকদের জানান, বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
সিলেট জেলা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় অনিরুদ্ধ রায় বলেন, ‘বর্তমানে শুধুমাত্র মেডিকেল এবং ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। তবে খুব দ্রুত পর্যটন ভিসাসহ অন্য সব ক্যাটাগরির ভিসা পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
ভিসা পরিষেবা সহজ করার জন্য ভারতীয় কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশে ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত তাদের ভিসা কার্যক্রম প্রায় বন্ধ করে দেয়। জরুরি চিকিৎসা সংক্রান্ত কিছু ভিসা চালু রাখলেও অনেক রোগী সঠিক সময়ে ভিসা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে বাংলাদেশও ভারতীয় নাগরিকদের জন্য ভিসা বিধি-নিষেধ আরোপ করে।
তবে রাজনৈতিক পটপরিবর্তন ও নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা আবেদন গ্রহণ করা শুরু করেছে।


