প্রাইম ভিশন ডেস্ক »
যথাযথভাবে জাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে সমাজে অর্থনৈতিক বৈষম্য অনেকাংশে কমবে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পাঁচলাইশের দি কিং অব চিটাগাংয়ে পার্কভিউ হাসপাতালের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেয়র বলেন, রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম প্রধান ভিত্তি। কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত এই পাঁচটি ভিত্তির ওপরই ইসলামের কাঠামো প্রতিষ্ঠিত।
রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। রোজা হচ্ছে সম্প্রীতির মাস, ভালোবাসার মাস। একে অপরকে সহযোগিতা করার মাস। এই রমজান মাসে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনতে জাকাত ব্যবস্থার সঠিক বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
তিনি জানান, আগামী মার্চ মাসে কোলোরেক্টাল সার্জারি বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে পুরো মার্চ মাসজুড়ে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নীল রঙে সজ্জিত করার আহ্বান জানান তিনি। যেমনভাবে অক্টোবর মাসে ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় পিংক রং ব্যবহৃত হয়েছিল, তেমনি কোলোরেক্টাল সচেতনতার প্রতীক হিসেবে ব্লু কালার ব্যবহারের অনুরোধ জানান মেয়র।
মেয়র পার্কভিউ হাসপাতালের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ২০১৯ সালের অক্টোবরে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচিতে হাসপাতালটি চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেছে, যা ছিল প্রশংসনীয় উদ্যোগ।
তিনি বলেন, রমজান তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময়। এ মাস মানুষকে আত্মসংযম, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতার শিক্ষা দেয়। সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।
রমজানের শিক্ষা ধারণ করে একটি সুস্থ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।
পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হকের সভাপতিত্বে ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক একেএম আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ডা. আবু নাসের, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী।


