প্রাইম ভিশন ডেস্ক »
হাটহাজারীতে খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে পড়া খালটি পুনরুদ্ধার হলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি সমস্যার সমাধান হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বড়বিল এলাকায় অবস্থিত ‘মিঠাছড়া’ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
জানা যায়, ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বয়ং উপস্থিত থেকে খালটি খননের উদ্যোগ নেন।
তবে দীর্ঘদিন নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে খালটি নাব্যতা হারিয়ে ফেললে বর্ষা মৌসুমে আশপাশের গ্রাম ও বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো, যার ফলে চাষাবাদ ব্যাহত হচ্ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “এটি একটি ঐতিহাসিক খাল। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই খাল পুনঃখননের। আমরা পর্যায়ক্রমে পুরো খালটি খনন করে পানি চলাচল স্বাভাবিক করবো, যাতে এলাকাবাসী স্থায়ীভাবে উপকৃত হন।


