প্রাইম ভিশন ডেস্ক »
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। আজ রোববার এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।
করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক এ তথ্য দিয়েছেন। খবর ডনের।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে করাচিতে এ বিক্ষোভ হয়। করাচির মাই কোলাচি সড়কে মার্কিন কনস্যুলেটের অবস্থান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিবেশী দেশ ইরাক তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। দেশটির সরকারের মুখপাত্র বাসেম আল আওয়াদির বরাতে বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে।
বাসেম আল আওয়াদি বলেন, ‘গভীর দুঃখ ও শোকের সঙ্গে আমরা সম্মানিত ইরানি জনগণ ও সমগ্র ইসলামী উম্মাহর প্রতি সমবেদনা জানাচ্ছি।’
মুখপাত্র আরও বলেন, মানবিক ও নৈতিক নিয়ম লঙ্ঘন করে প্রকাশ্য আগ্রাসন চালানোর মধ্য দিয়ে খামেনিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক বিধির স্পষ্ট লঙ্ঘন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।


