প্রাইম ভিশন ডেস্ক »
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছেন। তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। অন্তত তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন, ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ৯ জন। যুদ্ধের দামায় অনিশ্চয়তায় ডুবে যাচ্ছে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে বলেছেন, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শাসনভার গ্রহণের সম্ভাব্য ব্যক্তিরা নিহত হয়েছেন।
এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্লকে ট্রাম্প বলেন, ‘এ হামলা এতটাই সফল ছিল যে সম্ভাব্য প্রার্থীদের অধিকাংশই নির্মূল হয়ে গেছেন। আমরা যাদের কথা ভাবছিলাম, তাদের কেউ ক্ষমতায় আসতে পারবেন না; কারণ তারা সবাই মৃত। দ্বিতীয় বা তৃতীয় সারির যারা ছিলেন, তারাও মারা গেছেন।’
ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর দেশটিতে ক্ষমতার হস্তান্তর কীভাবে ঘটবে—তা নিয়ে যখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই ট্রাম্পের তরফ থেকে এমন মন্তব্য এল।
খামেনি হত্যার বিষয়টি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তিনি মারার আগেই আমি মেরে ফেলেছি। তারা দুবার চেষ্টা করেছিলেন। কিন্তু আমিই আগে তাকে কুপোকাত করেছি।’
২০২৪ সালে বিচার বিভাগ প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে ফেডারেল চার্জ গঠন করেছিল। আদালতের নথিপত্র অনুযায়ী, ইরানি কর্মকর্তারা এই ষড়যন্ত্রের অন্যতম সন্দেহভাজন ফরহাদ শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি ও হত্যার দায়িত্ব দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না: আলি লারিজানি
ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এদেওয়া এক পোস্টে জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না’ ইরান।
দেশটির অন্যতম প্রভাবশালী এই ব্যক্তি এমন সময় এ মন্তব্য করলেন যখন বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে।
সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি লারিজানি এক্স-এ আরও লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘মিথ্যা আশা’ দিয়ে ‘এই অঞ্চলকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন। এখন তিনি মার্কিন সেনাদের আরও প্রাণহানি নিয়ে বিচলিত হয়ে পড়েছেন।’
লারিজানি আরও বলেন, ‘নিজের বিভ্রান্তিকর কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাম্প তার স্বঘোষিত “আমেরিকা ফার্স্ট” স্লোগানকে “ইসরায়েল ফার্স্ট”-এ রূপান্তর করেছেন এবং ইসরায়েলের ক্ষমতার আকাঙ্ক্ষা পূরণ করতে মার্কিন সেনাদের জীবন বিসর্জন দিচ্ছেন।’
নিহত সর্বোচ্চ নেতা খামেনির অন্যতম প্রধান এই উপদেষ্টা জোর দিয়ে বলেন, ইরানি বাহিনী ‘আগে কোনো আগ্রাসন শুরু করেনি’।
লেবাননের ৫০টির বেশি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের
সম্ভাব্য বিষয়ে সতর্কবার্তা দেওয়ার পর লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
চিহ্নিত এলাকার বাসিন্দাদের অন্তত ১ হাজার মিটার দূরে কোনো উন্মুক্ত স্থানে অবস্থান নিতে বলা হয়েছে।
ইসরায়েলি সতর্কবার্তায় বলা হয়েছে, ‘হিজবুল্লাহর সদস্য, তাদের স্থাপনা বা সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থানকারী যে-কেউ নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলছেন।’
লেবাননে ইসরায়েলের হামলা। ছবি: রয়টার্স
ইসরায়েল বলপূর্বক সরে যেতে বলার পর দক্ষিণ লেবানন ও বৈরুতের লাখ লাখ মানুষ নিজ বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন।
তেলের দাম বেড়েছে, পুঁজিবাজারে দরপতন
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব নিয়ে বিনিয়োগকারীরা শঙ্কিত হয়ে ওঠায় অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে, অন্যদিকে বড় ধরনের দরপতন হয়েছে শেয়ারবাজারে।
সোমবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তবে দিনের শেষভাগে এসে বাজার কিছুটা স্থিতিশীল হয়। টোকিও সময় দুপুর পর্যন্ত আন্তর্জাতিক এই মানদণ্ড অনুযায়ী তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬.৪৮ ডলারে দাঁড়িয়েছে।
এশিয়ার পুঁজিবাজারগুলোতে লেনদেন শুরুই হয়েছে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে। হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ২ শতাংশ ও জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫-এর প্রায় ১.৫ শতাংশ দরপতন হয়েছে।
যুক্তরাষ্ট্রে নিয়মিত বাজার সময়ের বাইরে লেনদেন হওয়া স্টক ফিউচারে বড় ধরনের লোকসান দেখা গেছে, যা ওয়াল স্ট্রিটে অস্থির দিনের ইঙ্গিত দিচ্ছে। এসঅ্যান্ডপি ৫০০এবং প্রযুক্তি-নির্ভর নাসডাক কম্পোজিট—উভয় সূচকের ফিউচারই প্রায় ০.৭ শতাংশ কমেছে।


