বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeমুল পাতাঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

লালমনিরহাটে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

জেলার পাটগ্রাম উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) এবং তাদের চার মাস বয়সী সন্তান হুজাইফা।

এ ঘটনায় আহত হয়েছে তাদের ১০ বছর বয়সী ছেলে সোহান। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। ঈদের ছুটি উপলক্ষে স্ত্রী ও সন্তানদের নিয়ে মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই শরিফুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তারের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরিফুল ইসলাম ও তার চার মাস বয়সী সন্তান হুজাইফাকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শ্রাবনি জানান, দুর্ঘটনার সময় একই পরিবারের চারজন মোটরসাইকেলে ছিলেন। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়