প্রাইম ভিশন ডেস্ক »
নওগাঁর ধামইরহাট উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মমিনুল হক (২৬) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার দারুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মমিনুল হক ওই মাদরাসার ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাশের পত্নীতলা উপজেলার বরইল গ্রামের বাসিন্দা।
ধামইরহাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আটটার দিকে শিক্ষক মমিনুল মাদরাসার সব শিক্ষার্থীকে এশার নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে পাঠিয়ে দেন। এরপর প্রয়োজনীয় কথা আছে বলে ১০ বছর বয়সী ওই শিক্ষার্থীকে ডেকে একটি কক্ষে নিয়ে যান। পরে অন্য শিক্ষার্থীদের অনুপস্থিতির সুযোগে তাকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে পুলিশ মমিনুলকে গ্রেপ্তার করে।
ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিন্টু রহমান ঘটনার বিস্তারিত তুলে ধরে জানান, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা-মা ঢাকায় কাজ করেন। সে ওই মাদরাসায় আবাসিক ছাত্র হিসেবে থেকে পড়াশোনা করত। বলাৎকারের শিকার হওয়ার পর শিশুটি বিষয়টি মোবাইল ফোনে তার বাবা-মাকে জানালে তারা দ্রুত মাদরাসার সভাপতিকে পুরো ঘটনাটি অবহিত করেন।
বিষয়টি জানতে পেরে মাদরাসার সভাপতি নূর নবী নিজেই বাদী হয়ে ধামইরহাট থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওসি আরও উল্লেখ করেন, মামলার পর পরই আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।


