রবিবার, মে ২৪, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামর‌্যাব সদস্য হাটহাজারীর ইমনের প্রাণ গেল ছিনতাইকারীর হাতে

র‌্যাব সদস্য হাটহাজারীর ইমনের প্রাণ গেল ছিনতাইকারীর হাতে

প্রাইম ভিশন ডেস্ক »

সিলেটে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় সাদা পোশাকে দায়িত্ব পালনকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইমন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আশ্চর্য পাড়া এলাকার রঞ্জিত আচার্যের কনিষ্ঠ পুত্র।

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা গেছে, ওই এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও কেনাবেচা করছিল। পুলিশ তাদের ধাওয়া করলে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্য ইমন এক মাদক ব্যবসায়ীকে ঝাপটে ধরলে ওই ব্যক্তি তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনাস্থল থেকেই পুলিশ অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করে।

নিহতের কাকা ও পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রাণজিৎ আচার্য জানান, মাত্র তিন মাস আগে গত ফেব্রুয়ারি মাসে ইমন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ১৫ দিন আগেই তিনি গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। এই অল্প সময়ের ব্যবধানে তার নববিবাহিতা স্ত্রীকে হতে হলো বিধবা। বর্তমানে ইমনের নিথর দেহ গ্রহণের জন্য তার স্ত্রী ও স্বজনরা সিলেট গেছেন।

ইমনের প্রাক্তন শিক্ষক ও কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন শোকাতুর কণ্ঠে জানান, ইমনের মিশুক প্রকৃতি, হাসিমাখা মুখ আর আন্তরিকতা আজীবন সবার মনে থাকবে। তার এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। বর্তমানে ইমনের বাবা-মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের আহাজারিতে পুরো এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়