সোমবার, মে ২৫, ২০২৬
spot_img
Homeমুল পাতাপাকিস্তানে সেনাসদস্যবাহী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানে সেনাসদস্যবাহী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

প্রাইম ভিশন ডেস্ক »

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাসদস্য বহনকারী একটি ট্রেনের কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার বার্তা সংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

স্থানীয় সূত্র অনুযায়ী, কোয়েটার চামান পট্টক এলাকায় একটি রেল সিগন্যাল অতিক্রম করার সময় একটি বিস্ফোরকভর্তি গাড়ি ট্রেনের একটি বগিতে আঘাত হানে। এরপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ।

ঈদের ছুটি উপলক্ষে পেশোয়ারে যাওয়ার পথে ট্রেনে থাকা বহু সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যরা এই হামলার শিকার হন। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়।

ঘটনার পর এলাকাজুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত বগিগুলো দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজ চালাচ্ছেন।

এ সময় রক্তাক্ত আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায়, অন্যদিকে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখনও পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে আসছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়