প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের সাম্প্রতিক দুঃসাহসিক হামলার তীব্র নিন্দা জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, সন্ত্রাসীদের এই ধৃষ্টতার উপযুক্ত জবাব দেওয়া হবে। বিগত সরকারের আমলে আইনের শাসন না থাকার কারণে জঙ্গল সলিমপুর এলাকাটি অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল উল্লেখ করে তিনি জানান, খুব দ্রুতই এই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। সেখানে অপরাধীদের স্থায়ীভাবে দমন করতে একটি পুলিশ ট্রেনিং সেন্টার এবং একটি আধুনিক কারাগার বা জেলখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এই জঙ্গল সলিমপুরে গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের অংশগ্রহণে একটি বিশাল যৌথ অভিযান চালানো হয়। এরপরই এলাকাটি প্রশাসনের নিয়ন্ত্রণে আসে এবং সেখানে স্থায়ী নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়। আগামী ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশের সামগ্রিক স্থিতিশীলতা বিনষ্ট হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। একই সঙ্গে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা সহ্য করা হবে না। যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাদক কারবারে জড়িত থাকে বা অপরাধীদের সহায়তা করে, তবে তাকে সরাসরি চাকরিচ্যুত করা হবে।
সাধারণ মানুষের ঈদযাত্রা প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এবারের ঈদযাত্রায় যাত্রীদের বড় ধরনের কোনো ভোগান্তি বা সংকটে পড়তে হয়নি। মহাসড়কগুলোতে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


