প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশ ও ভারতের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম উদ্দেশ্য হলো দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এই মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি শুভেচ্ছা চিঠি পাঠিয়েছেন নরেন্দ্র মোদি। চিঠিতে তিনি বলেন, ‘ঈদ মোবারক! পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।’
চিঠিতে মোদি লিখেছেন, ‘জনমুখী বিষয়গুলোতে সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত সরকার।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। সারা দেশে ইসলাম ধর্মের কোটি কোটি মানুষ অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এই উৎসব উদযাপন করে।
তিনি আরও বলেন, ‘এই উৎসব ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চিরন্তন আদর্শকে সমুন্নত রাখে, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ার জন্য অত্যন্ত অপরিহার্য।’
সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।


