প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপর অস্ত্র, গুলি, যোগাযোগ সরঞ্জাম ও ৪ হাজার পিস ইয়াবা ফেলে মিয়ানমারে পালিয়ে গেছেন আরএসও সদস্যরা। উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে বাহারপাড়া সীমান্ত এলাকার নাফ নদীর শূন্যরেখার কাছে কয়েকজন অস্ত্রধারী সদস্য বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এমন তথ্য পেয়ে টহলরত বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়।
একপর্যায়ে অস্ত্রধারী গ্রুপটিকে লক্ষ্য করে বিজিবি গুলি ছুড়লে তারাও পাল্টা কয়েক রাউন্ড গুলি চালায়। এক পর্যায়ে সশস্ত্র সদস্যরা নৌকা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
বিজিবি সদস্যরা ওই নৌকা তল্লাশি করে একটি জি-৩ রাইফেল, তিনটি জি-৩ ম্যাগাজিন, তিনটি খালি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, একটি সিম্ফনি বাটন ফোন, দুটি এয়ারটেল সিম, ৪ হাজার পিস ইয়াবা, একটি জি-৩ পোচ, দুটি লুঙ্গি, একটি কলার গেঞ্জি, ২০ টাকা নগদ অর্থ এবং ১২ প্যাকেট সিগারেট জব্দ করে।
সীমান্ত এলাকার স্থানীয় সূত্রগুলোর দাবি, অভিযানে পালিয়ে যাওয়া সশস্ত্র ব্যক্তিরা আরএসওর সদস্য। তাদের একটি অস্থায়ী আস্তানাও সীমান্ত এলাকায় ছিল। অভিযানের পর সেই আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর অভিযোগ, সীমান্তবর্তী নাফ নদী ও চরাঞ্চল দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মাদক পাচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে সীমান্তবাসী ও জেলেদের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা।


