শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবিশ্বকাপের আগে মেসির ইঙ্গিতপূর্ণ পোস্ট

বিশ্বকাপের আগে মেসির ইঙ্গিতপূর্ণ পোস্ট

প্রাইম ভিশন ডেস্ক »

ক্যারিয়ারের ষষ্ঠ এবং সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অবস্থান করছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মুকুট ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। এমন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একটি আবেগঘন পোস্ট ফুটবল বিশ্বে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।

৩৮ বছর বয়সী এই মহাতারকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কানসাস সিটিতে অনুশীলনের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে তিনি বেছে নিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি রক সংগীতশিল্পী ইন্দিও সোলারির একটি বিখ্যাত গান। কাকতালীয়ভাবে, মাত্র এক সপ্তাহ আগেই এই জনপ্রিয় সংগীতশিল্পী মারা যান। সোলারির মৃত্যুর পর মেসি প্রকাশ্যেই শোক প্রকাশ করেছিলেন।

ভিডিওতে মেসিকে হাসিমুখে কঠোর অনুশীলন করতে দেখা গেলেও গানের কথাগুলো ছিল বেশ তাৎপর্যপূর্ণ। গানের লাইনগুলো ছিল এমন— ‘আমি আর সেইসব অলৌকিক কীর্তি গড়তে পারব না যার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি শুধু গেয়ে যেতে পারি…।’ ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে ৬ষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা মেসির এই গান নির্বাচনকে অনেকেই তার বিদায়ের প্রচ্ছন্ন আভাস হিসেবে দেখছেন।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে মেসি যে এখনো কতটা ধারালো, তার প্রমাণ মিলেছে গত ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে। আলাবামার সেই ম্যাচে বদলি হিসেবে নেমে ৬৮ বছরের পুরোনো একটি ভাঙেন মেসি। ম্যাচের ৬৭ মিনিটে মাঠে নেমেই তিনি পেনাল্টি থেকে গোল করেন, যা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গোলের রেকর্ড।
আগামী ১৭ জুন কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭:০০ টায় আলজেরিয়ার বিপক্ষে মিশন শুরু করবে আর্জেন্টিনা। ফুটবলপ্রেমীরা হয়তো শেষবারের মতো বিশ্বমঞ্চে উপভোগ করতে যাচ্ছেন এলএমটেনের পায়ের জাদু।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়