বুধবার, জুন ১৭, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেযুক্তরাষ্ট্রেও কাতার বিশ্বকাপের কুসংস্কারে ভরসা আর্জেন্টিনার

যুক্তরাষ্ট্রেও কাতার বিশ্বকাপের কুসংস্কারে ভরসা আর্জেন্টিনার

প্রাইম ভিশন ডেস্ক »

ফুটবলে কুসংস্কার দিয়ে ম্যাচ জেতা যায় না। আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমে এই প্রশ্ন উঠলে কোচ লিওনেল স্কালোনি বরাবরই এই কথা অবলীলায় বলে দেন। কিন্তু যে দলটি নিজেদের চেনা রুটিন, ছোটখাটো অভ্যাস আর নিয়মের মধ্য দিয়ে সাফল্যের শিখরে পৌঁছেছে, তাদের মনে কিছু অন্ধবিশ্বাস এক ধরনের মানসিক স্বস্তি দেয়। আর বিশ্বজুড়ে থাকা কোটি কোটি আলবিসেলেস্তে সমর্থকদের মনে তা জাগিয়ে তোলে নতুন আশার আলো।

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগ পর্যন্ত আর্জেন্টিনা দল ঠিক যেন কাতারের সেই চেনা আবহ ধরে রেখেছে। লিওনেল মেসির একা থাকা থেকে শুরু করা, ঐতিহ্যবাহী বারবিকিউ পার্টি কিংবা ডি পল-পারেদেসের ‘লজেন্স’ টোটকা। সবকিছুই মনে করিয়ে দিচ্ছে কাতার বিশ্বকাপের সেই সোনালী দিনগুলোকে।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে এমনই কয়েকটি পুরোনো অভ্যাস আবারও আলোচনায় এসেছে।

একা মেসি ও ‘২০২’ নম্বরের ম্যাজিক: কাতারের মতো এবারও যুক্তরাষ্ট্রের কানসাসে হোটেলে একা রুমে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি। সার্জিও আগুয়েরো ফুটবল থেকে অবসর নেওয়ার পর থেকেই মেসি একা ঘুমাতে অভ্যস্ত এবং সেই রুটিন এবারও ভাঙেনি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে মেসির রুম নম্বর। কাতারে মেসি ছিলেন ‘২০১’ নম্বর রুমে। আর্জেন্টাইনদের কুসংস্কার অনুযায়ী ‘২+১’ মানে ৩, যা ছিল তৃতীয় ট্রফি জয়ের ইঙ্গিত। এবার কানসাসের হোটেলে মেসির রুম নম্বর ‘২০২’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা ইতিমধ্যেই হিসাব মেলাতে শুরু করেছেন, ‘২+০+২’ মানে ৪। কেউ কেউ এটিকে সম্ভাব্য চতুর্থ শিরোপার প্রতীক হিসেবে দেখছেন।

ঝড়েও বন্ধ হয়নি বারবিকিউ: স্কালোনির দলের অন্যতম পুরোনো রীতি ম্যাচের আগে দলীয় বারবিকিউ। বিশ্বকাপের আগে এবারও সেই আয়োজন হয়েছে। কানসাসে ঝড় ও তীব্র বাতাসের সতর্কতা জারি থাকলেও পরিকল্পনা বদলায়নি। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘সব প্রতিকূলতার বিরুদ্ধে আমরা এক।’

ডি পল ও পারেদেসের সেই ‘লজেন্স’ টোটকা: কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগে রদ্রিগো ডি পল এবং লিয়ান্দ্রো পারেদেসকে মাঠে নেমে লজেন্স চিবোতে দেখা যেত। চার বছর পরও সেই রুটিন বদলায়নি। প্রস্ততি ম্যাচ থেকে শুরু করে আলজেরিয়া ম্যাচের আগেও এই দুই ফুটবলারকে একই কাণ্ড করতে দেখা গেছে। এর কোনো বৈজ্ঞানিক বা কৌশলগত ভিত্তি নেই, স্রেফ মনস্তাত্ত্বিক শান্তির জন্য চ্যাম্পিয়নরা এই কুসংস্কার ধরে রেখেছেন।

স্কালোনির স্বস্তির ফর্মুলা: শুধু মাঠের অনুশীলন নয়, খেলোয়াড়দের মানসিক প্রশান্তিকেও গুরুত্ব দেন স্কালোনি। কাতার বিশ্বকাপে যে পদ্ধতি সফল হয়েছিল, এবারও সেটিই অনুসরণ করছেন আর্জেন্টাইন কোচ। এবারও অনুশীলনের ফাঁকে ফুটবলারদের কানসাস শহর ঘুরে বেড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। গত শনিবার আর্জেন্টিনার ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন কর্ডোবার কিংবদন্তি পপ গায়ক ‘লা মোনা’ জিমেনেজ। তার চেনা গানের তালে হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনাদের কোমর দোলাতে দেখা গেছে।

অক্ষত চ্যাম্পিয়ন মেরুদণ্ড: দলে কিছু নতুন মুখ আসলেও কাতারের সেই চ্যাম্পিয়ন স্কোয়াডের মূল মেরুদণ্ডটা কিন্তু এখনও অক্ষত। এমি মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং স্বয়ং লিওনেল মেসি। এই আটজনই স্কালোনির তাসের টেক্কা।

ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান একবার বলেছিলেন, ‘ফুটবলে আত্মবিশ্বাস কখনো কখনো কৌশলের মতোই গুরুত্বপূর্ণ।’ আর্জেন্টিনা হয়তো সেই আত্মবিশ্বাসের খোঁজই করছে পুরোনো স্মৃতি আর পরিচিত রুটিনের ভেতর।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়