বুধবার, জুন ১৭, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসারা বিশ্ব মেসির খেলা দেখার জন্য মুখিয়ে আছে

সারা বিশ্ব মেসির খেলা দেখার জন্য মুখিয়ে আছে

প্রাইম ভিশন ডেস্ক »

রাত পোহালেই বিশ্বকাপের মঞ্চ মাতাতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। তিন বছর আগে কাতারে ঘুচেছিল আর্জেন্টিনার দীর্ঘদিনের আক্ষেপ, ট্রফি উঁচিয়ে ধরেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে মেসিকে নিয়ে স্বস্তিতে আছেন লিওনেল স্কালোনি।

বিশ্বকাপের প্রাক্কালে চোট সমস্যা ছিল মেসির। তবে প্রস্তুতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে তিনি গোলও করেছিলেন। এবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচ বললেন, ‘সারা বিশ্বের মানুষ ওকে মাঠে খেলতে দেখতে চায়। ও দলে থাকা মানেই ইতিবাচক শক্তি। এর আগে ও বিভিন্ন পরিস্থিতিতে খেলেছে এবং সবসময়ই দলের জন্য ও অপরিহার্য।’

আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করেছে। তবে মরক্কোর সঙ্গে আলজেরিয়াকে তুলনায় রাজি নন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড, ‘আলজেরিয়া খুবই গতিময় ফুটবল খেলে। স্পেন ও কেপ ভার্দের ম্যাচটিই প্রমাণ করেছে এই বিশ্বকাপে কোনো প্রতিপক্ষ সহজ নয়। ব্রাজিলও পয়েন্ট হারিয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’
সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেছেন যে, প্রথম ম্যাচের একাদশে গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস থাকছেন। এছাড়া গোড়ালির চোটে ভুগতে থাকা ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসও পুরোপুরি ফিট এবং আজকের ম্যাচের জন্য অ্যাভেইলেবল। ৬৯ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন অ্যারোহেড স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।

এদিকে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামার ঠিক কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি বিশেষ পোস্ট করে দলের সংহতি ও প্রস্তুতির বার্তা দিয়েছেন লিওনেল মেসি। অনুশীলন শেষে নিজের ইনস্টাগ্রামে পুরো দলের একটি ছবি পোস্ট করে মেসি ক্যাপশনে লিখেছেন, ‘একসাথে’, পাশে আর্জেন্টিনার একটি পতাকা। এর কিছুক্ষণ পরেই ঐতিহ্যবাহী ‘মেট’ (আর্জেন্টাইন চা) পানের আরেকটি ছবি শেয়ার করেন তিনি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস; নাহুয়েল মলিনা/গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি/লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, এনসো ফের্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়