বুধবার, জুন ১৭, ২০২৬
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন

চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন

প্রাইম ভিশন ডেস্ক »

এক দশকের বেশি সময় ধরে বিভিন্ন জটিলতায় আটকে থাকার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন পেয়েছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (সিইআইজেড) প্রকল্প। আজ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, গত ৯ জুন একনেকে তোলা হয় সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) শীর্ষক প্রকল্পটি। তবে প্রধানমন্ত্রীর কিছু নির্দেশনা থাকায় সে সময় অনুমোদন দেয়া হয়নি।

প্রকল্পের নথিতে বলা হয়েছে, অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৯ কোটি ৪৬ লাখ টাকা। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট (পিবিসি) ঋণ থেকে ২ হাজার ৪৬৭ কোটি টাকা অর্থায়ন করা হবে। আর প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত।

কার্যবিবরণীতে বলা হয়েছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় প্রায় ৮০০ একর জমির ওপর অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলা হবে। এ প্রকল্পের আওতায় ১ হাজার ২৩৫ মিটার দীর্ঘ জেটি লিংক রোড ও ৩৩০ মিটার সেতু, ১ হাজার ১৮১ মিটার দীর্ঘ চার লেন সড়ক, দৈনিক ২ কোটি ৫০ লাখ লিটার সক্ষমতার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি), ২০ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার বহুমুখী জেটি, গ্যাস সরবরাহ অবকাঠামো, বিদ্যুৎ উপকেন্দ্র ও ট্রান্সমিশন লাইন, পানি সংরক্ষণাগার এবং ১২ কিলোমিটার দীর্ঘ বাউন্ডারি ওয়াল নির্মিত হবে।

প্রকল্পের লক্ষ্যমাত্রায় বলা হয়েছে, সরকারের প্রত্যাশা— প্রকল্পটি বাস্তবায়িত হলে অন্তত এক লাখ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। পরোক্ষভাবে আরো প্রায় চার লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে প্রায় ৫০ কোটি ডলারের বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার সম্ভাবনা রয়েছে।

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে প্রকল্পটির চূড়ান্ত চুক্তি হবে।

একনেক সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে । এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা ।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ; শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন; পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি; পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়