প্রাইম ভিশন ডেস্ক »
বিগত সরকার একটা জেনারেশকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়েছে, এই অবস্থা থেকে উত্তরণে সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ওরা (আওয়ামী লীগ) একটা জেনারেশকে ধ্বংস করে দিয়ে গেছে”।
দেশের বিরাজমান সমস্যার প্রসঙ্গ টেনে সরকার প্রধান বলেছেন, “দেশে এত এত সমস্যা এখনো বিরাজমান দেখে বিস্মিত হই। কেননা ১৭ বছর তো এগুলো এড্রেস হওয়ার কথা ছিল। সে সময় এগুলো যদি এড্রেস করা হতো, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতো”।
প্রধানমন্ত্রী বলেন, “আগে এত উন্নয়নের গল্প শুনতাম সেগুলো আসলে কোথায়? এখন সব চাপটা এসেছে আমাদের সরকারের ওপরে। এই সরকারের ওপরে জনগণের প্রত্যাশা অনেক। আমরা চেষ্টা করছি সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে ঘুরে দাঁড়াতে”।
প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হতো উল্লেখ করে তিনি বলেন, “এভাবে যদি অর্থ পাচার না হতো তাহলে আপনাদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) অনেক সমস্যা সমাধান হয়ে যেতো”।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য আন্না মিনজ, সংস্কৃতি কর্মী সঞ্জিব দ্রংসহ ১৭ জেলার ১৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


