প্রাইম ভিশন ডেস্ক
পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুকিয়ে রাখা চারটি আগ্নেয়াস্ত্র, ১২টি দেশে তৈরি অস্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো.মাসুদ আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন- পটিয়ার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)।
পুলিশ সুপার বলেন, শুক্রবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পটিয়া থানার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। দুর্গম পথ, প্রতিকূল পরিবেশ এবং সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে পরিচালিত অভিযানে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইন্নারপাড়া এলাকায় দেলোয়ার হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ছয়টি কিরিচ, পাঁচটি দা, একটি ধামা দা, একটি লোহার করাত এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এদিন বিকেলে ছাতিভাঙ্গা এলাকার আফছারের গাছবাগানে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশে তৈরি এলজি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে- উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্রগুলো সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। চট্টগ্রামে অপরাধ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্ত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


