Homeমুল পাতাচট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি

প্রাইম ভিশন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত একটি প্রাইভেটকার লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ব্যবসায়ী এস এম শহিদ উল্লাহ রনি (৪৬)। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারী-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর চারাবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এস এম শহিদ উল্লাহ রনি হাটহাজারীর আমান বাজার থেকে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে রাউজানের বাড়ির উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১২টার দিকে চারাবটতলা এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে আসা ১০ থেকে ১২ জন অস্ত্রধারী দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধের চেষ্টা করে। প্রথমে গাড়ির সামনের গ্লাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর হামলাকারীরা গাড়ির দুই পাশ থেকে এলোপাতাড়ি গুলি চালায়।

পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তিনি গাড়ির লাইট বন্ধ করে চালকের আসনের নিচে মাথা নিচু করে আত্মরক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে বিপরীত দিক থেকে একটি গাড়ি ঘটনাস্থলে চলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে। এছাড়া গাড়ির ডান পাশে তিনটি এবং বাম পাশে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। মামলার এজাহারে গাড়িটির প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী এস এম শহিদ উল্লাহ রনি বলেন, ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রথমে তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পরপর গুলি ছোড়া হয়। তার দাবি, সম্প্রতি একাধিকবার তার ওপর হামলার চেষ্টা হয়েছে। ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী চক্র তাকে লক্ষ্যবস্তু করেছে। এর আগেও তার বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার পর রাত ২টার দিকে এস এম শহিদ উল্লাহ রনি বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা চেষ্টা ও ডাকাতির উদ্দেশ্যে হামলার অভিযোগে হাটহাজারী থানায় মামলা করেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, চলন্ত একটি গাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই হাটহাজারীতে একটি নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ এবং প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই এলাকায় ব্যবসায়ী মহলে উদ্বেগ বিরাজ করছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়