প্রাইম ভিশন ডেস্ক
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) টানা ৩৭ দিনের বিক্ষোভে পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রতিযোগিতামূলক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে যুবকদের নেতৃত্বাধীন বিক্ষোভে গালিগালাজ করা আন্দোলনকারীদের ‘ক্ষমা’ করতে চান বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে মোদি বলেছেন, ‘দেশ ও বিশ্ব জন্তর মন্তরে যা ঘটেছে তা দেখেছে। কিছু দুষ্ট যুবক নোংরা গালিগালাজ করেছে। সভ্য সমাজে যেসব শব্দ ব্যবহার হয় না, সেগুলো শুধু আমার দিকেই নয়, আমার মৃত মায়ের দিকেও নিক্ষেপ করা হয়েছে। আমি তাদের ক্ষমা করতে চাই।’
পুলিশি মামলার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, যৌবনে করা ভুলগুলো আইনি ব্যবস্থার পরিবর্তে পথনির্দেশনার মাধ্যমে সংশোধন করা উচিত।
সিজেপি প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে অনলাইনে সংগঠিত হওয়া বিক্ষোভ দিল্লিসহ বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে। এতে মোদি সরকার সাম্প্রতিক সময়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। কিছু বিক্ষোভকারীদের গালিগালাজের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর মোদি সমর্থকদের অনলাইন আক্রমণ এবং পুলিশে অভিযোগের মুখে পড়েছেন তারা।
পুলিশ মেটা ও এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক ও ম্যানিপুলেটেড কনটেন্ট সরানোর অনুরোধও জানিয়েছে।
গত মাসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে শুরু হওয়া এ বিক্ষোভ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ শুরুর পর থেকে যুবকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে ইনস্টাগ্রামে যুক্ত হয়েছেন মোদি। এ প্ল্যাটফর্মেই জনসমর্থন গড়ে তুলেছে সিজেপি। বিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ার ৯.৬ মিলিয়ন, আর মে মাসে গঠিত সিজেপির ফলোয়ার ২৬ মিলিয়নেরও বেশি।সূত্র-ডন


