প্রাইম ভিশন ডেস্ক
প্রধানমন্ত্রী আগামী ৯ আগস্ট (রোববার) ও চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় দিনব্যাপী সরকারি সফর করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, এদিন তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে একাধিক সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৮টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ৩০ মিনিটে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন।
এরপর দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১২টা ২০ মিনিটে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখবেন।
পরে দুপুর ১টা ১৫ মিনিটে ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ২টায় আল্লামা মহিউল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেল ২টা ৩০ মিনিটে তিনি হাটহাজারীর উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৩টা ১৫ মিনিটে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন। এরপর বিকেল ৪টায় হাটহাজারী ডাক বাংলোয় অবস্থান ও বিশ্রাম নেবেন।
সন্ধ্যা ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সড়কপথে চট্টগ্রাম সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হয়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছাবেন। পরে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রেডিসনে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগদান করবেন।
রাত ৮টায় সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর রাত ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। রাত ১০টা ৩০ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনবোধে সময়সূচি ও কর্মসূচিতে পরিবর্তন আনা হতে পারে। এছাড়া সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা তাঁর সঙ্গে থাকবেন।


