প্রাইম ভিশন ডেস্ক
তার অবসরের ঘোষণার পর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসছে নানা বার্তা। লিওনেল মেসি যখন আর্জেন্টিনাকে বিদায় বলার সিদ্ধান্ত নিলেন, তখন কী চলছিল তার মা ও স্ত্রীর মনে?
মেসির অবসরের ঘোষণার পর আলাদাভাবে বার্তা দিয়েছেন মা সেলিয়া কুচ্চিত্তিনি ও স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।
আর্জেন্টিনার টিভি চ্যানেল আমেরিকা টিভির টক শো ‘ইন্ট্রুসোস’ অনুষ্ঠানে এসেছিলেন সেলিয়া। সেখানে সেলিয়া জানিয়েছেন, মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার বিষয়ে অনেক দিন ধরেই ভাবছিলেন। সেলিয়া জানিয়েছেন, ‘আমি এখনো কাঁদছি। আমরা আগে থেকেই জানলেও পরিবারের সবাই ভীষণ কষ্ট পেয়েছি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে যেন ভালো ও সুখী থাকে।’
কিছুদিন আগেই স্বামীকে হারিয়েছেন সেলিয়া। এরপর ছেলেও অবসর নিলেন আর্জেন্টিনা থেকে। সেলিয়া স্মৃতিচারণা করে বলেন, ‘তার বাবা তাকে সব সময় বলতেন, “তুমি খেলা ছেড়ে দিলে আমি কী করব?” সবকিছু যেন একসঙ্গেই ঘটে গেল, অবিশ্বাস্য!’
এদিকে ইনস্টাগ্রামে স্বামীকে খোলা চিঠি লিখেছেন রোকুজ্জো। সেখানে তিনি বলেছেন, ‘এভাবে এই অধ্যায়ের ইতি টানা দেখতে পেয়ে আমি কতটাই না গর্বিত! এত বছর, এত সব মুহূর্ত, এত আনন্দ—পাশাপাশি কত না বাধা-বিপত্তি ও প্রতিকূলতাও পার করতে হয়েছে।’
রোকুজ্জো এরপর লিখেছেন, ‘আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি, হোঁচট খেতে দেখেছি এবং আবার ঘুরে দাঁড়াতে দেখেছি। যখন পরিস্থিতি তোমার অনুকূলে ছিল না, তখনো তোমাকে হাল না ছেড়ে বারবার চেষ্টা করতে দেখেছি। এত বছর পর, আমাদের জীবনে সবচেয়ে আনন্দের দিনগুলো উপভোগ করতে এবং তোমার স্বপ্নগুলোকে এভাবে পূরণ হতে দেখার সৌভাগ্যও আমার হয়েছে।’
মেসি ফুটবল খেলতে খেলতেই সন্তানদের সামনে যে আদর্শ বাবা হয়ে উঠেছেন, সেটাও নিজের পোস্টে জানিয়েছেন রোকুজ্জো, ‘এই পুরো গল্পের এমন একটা দিক আছে, যা আমাকে বিশেষভাবে নাড়া দেয়, তা হলো আমাদের সন্তানেরা চোখের সামনে এগুলো হতে দেখেছে। তারা দেখেছে তাদের বাবা কীভাবে নিজের স্বপ্নের জন্য লড়াই করেছেন, কখনো হাল ছাড়েননি এবং শেষ পর্যন্ত বিশ্বাস রেখে গেছেন। তারা এটাও দেখেছে যে কীভাবে সে সবকিছু অর্জন করেছে এবং বিশ্বকাপ উঁচিয়ে ধরেছে।’
রোকুজ্জো তাকিয়ে আগামীর দিনগুলোর দিকে, ‘হয়তো একদিন সন্তানরা বুঝতে পারবে তোমার এই গল্পটা ঠিক কতখানি বিশাল। তবে আজকের দিনে তারা কেবল তাদের বাবাকে নিয়ে দারুণ গর্বিত।’
রোকুজ্জো পোস্টের ইতি টেনেছেন ভালোবাসায় ভরা এক আবেগঘন বার্তায়, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত। তোমার এই পুরো যাত্রাকে নিয়ে, তুমি যা কিছু জয় করেছ তা নিয়ে এবং সবচেয়ে বড় কথা, প্রতিটি মুহূর্তে তোমার ভেতরে থাকা মানুষটিকে নিয়ে। তোমার পাশে থেকে এই সবকিছু অনুভব করতে পারাটা কত বড় সৌভাগ্যের! আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি।’


