প্রাইম ভিশন ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারী ফিরোজা বেগম (৫৫) মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে বগুড়া সদরের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান।
নিহত ফিরোজা শিবগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। এর আগে সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপিনাথপুর এলাকায়।
ওসি শাহিনুজ্জামান জানালেন, দুর্ঘটনায় আহত পথচারীকে নেওয়া হয় বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
সরকারি সফরে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। সকাল ৯টার দিকে তার গাড়িবহর গোপিনাথপুর এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির সামনে চলে আসেন পথচারী ফিরোজা। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়। এ সময় ফিরোজা আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীও সামান্য আহত হয়েছেন। তবে দুর্ঘটনার পর তিনি ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।


