Homeচট্টগ্রামচট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত

চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত

প্রাইম ভিশন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিয়াজ মোর্শেদ (২২) ও তার ছোট বোন মিমতা (১৭), মামা মো. ফেরদৌস আলম ফিরোজ (৫৫) ও মাইক্রোবাসের চালক মো. মুন্না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীতে কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে একটি যাত্রীবাহী মাইক্রোবাস কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে রওনা হয়। রাত আনুমানিক ২টা দিকে মাইক্রোবাসটি শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নেয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতা নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক মুন্না ও নিয়াজের মৃত্যু হয়।

কর্ণফুলী থানার পুলিশ জানায়, দুর্ঘটনায় অন্তত ১১ জন আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশংকাজনক।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যায়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়