প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের সন্দ্বীপে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক দলের নেতা নাসির উদ্দীন বাবুল গুরুতর আহত হয়েছেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নাসির উদ্দীন বাবুল সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানায়, নিজ বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন বাবুল। ধারণা করা হচ্ছে ঘাতক আগে থেকেই ওৎপেতে ছিল ঘটনাস্থলে। গুলিবিদ্ধ হওয়ার পর বাবুলকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের জানান, নাসির উদ্দীন বাবুল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। শুক্রবার রাতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। রাত ২টায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, কারা, কী কারণে নাসির উদ্দীন বাবুলের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত ও ঘটনার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।


