Homeমুল পাতাহামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন করল সরকার

হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন করল সরকার

প্রাইম ভিশন ডেস্ক »

হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। একই সঙ্গে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এ-সংক্রান্ত দায়দায়িত্বও নির্ধারণ করবে কমিশন। হামের প্রাদুর্ভাবে বিপুলসংখ্যক শিশুর মৃত্যু এবং টিকার সংকট নিয়ে দীর্ঘদিনের সমালোচনার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিশন গঠন করা হলো।

বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’-এর ৩ ধারায় এ কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, হামের টিকা ক্রয় ও বিতরণে কেন বিলম্ব হয়েছে, কোথায় অনিয়ম বা প্রশাসনিক ব্যর্থতা ছিল এবং এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায় কতটুকু, তা খুঁজে বের করবে কমিশন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ দেবে তারা। কমিশনের বিবেচনায় এ-সংক্রান্ত অন্য কোনো বিষয়েও সুপারিশ করার সুযোগ রাখা হয়েছে।

তদন্তের প্রয়োজনে কমিশন দেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে। সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদ করার ক্ষমতাও দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির দিন থেকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। কমিশনকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা, ব্যয় নির্বাহ এবং জনবল সরবরাহ করবে স্বাস্থ্যসেবা বিভাগ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়