প্রাইম ভিশন ডেস্ক »
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নগরের শহীদ শাহাজাহান মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক, হতাশা ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে।
ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের চেতনা জাগ্রত করে।
শহীদ আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধারণ করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং আয়োজকদের এ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন,দীর্ঘদিনের অন্যায়, অত্যাচার ও প্রতিকূলতা পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে দেশের মানুষ নতুন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই প্রত্যাশার প্রতিফলন ক্রীড়াঙ্গনেও ঘটাতে হবে। দেশের ক্রীড়াঙ্গনে নতুন ধারা উন্মোচনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশরক্ষা তারেক মঞ্চ’র প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক এবং ক্রীড়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।