Homeএই মুহুর্তেবিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ

বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ

 

‘আমরা বিশ্বের বাজারে বাংলাদেশের মাছকে সুস্বাদু মাছ হিসেবে পরিচিত করাতে চাই। এটি করতে পারলে শুধু মৎস্যজীবীদের নয়, দেশের অর্থনীতিরও পরিবর্তন হবে।’ চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কথা বলেছেন। তিনি বলেন, বাংলাদেশের নদী ও সমুদ্রে বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যায়। এসব মাছের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মৎস্যজীবীদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই।

চট্টগ্রামে মৎস্যজীবীদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আজ সোমবার প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। এ সময় তিনি মৎস্যজীবীদের সন্তানদের আধুনিক শিক্ষায় উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগের কথাও জানান।

জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের খাদ্যাভ্যাস ও রুচি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রজন্মের পছন্দও আগের প্রজন্মের চেয়ে আলাদা। তাই দেশে ও বিদেশে কোন প্রজাতির মাছের চাহিদা বেশি, তা বিবেচনায় নিয়ে উৎপাদন পরিকল্পনা করতে হবে। শুধু উৎপাদন বাড়ালেই হবে না, মাছের স্বাদ ও গুণগত মানও নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের মৎস্যসম্পদের সম্ভাবনা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের নদী ও সমুদ্রে নানা প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যায়। বিশ্বের অনেক দেশে মাছ উৎপাদিত হলেও বাংলাদেশের মাছের স্বাদ ও বৈচিত্র্যকে আন্তর্জাতিক বাজারে আরও ভালোভাবে তুলে ধরার সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে মৎস্যজীবীদের আয় বাড়বে, তাঁদের জীবনমানের উন্নতি হবে এবং দেশের অর্থনীতিও উপকৃত হবে।

আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিয়ে তিনি বলেন, অল্প জায়গায় বেশি মাছ উৎপাদন, উপযুক্ত খাবার নির্বাচন এবং উন্নত চাষপদ্ধতি প্রয়োগের মাধ্যমে মৎস্য খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। তবে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে।

জেলা প্রশাসক বলেন, ‘আমাদের কিন্তু যন্ত্রের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। না হলে আমাদের কাজগুলো যন্ত্র নিয়ে যাবে।’

আগামী পাঁচ থেকে দশ বছরে মাছ চাষ ও আহরণের প্রচলিত পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে উল্লেখ করে জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে। বাংলাদেশকেও সেই প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য মৎস্যজীবীদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান বাড়ানো জরুরি।

মৎস্যজীবীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আমরা আমাদের সকল জেলে ভাইয়ের কাছে অনেক বেশি ঋণী।’ ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে জেলেরা মাছ আহরণ করেন। তাঁদের পরিশ্রমে দেশের মানুষের আমিষের চাহিদার একটি বড় অংশ পূরণ হচ্ছে। মাছ আহরণে তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। সেই দক্ষতাকে আরও সমৃদ্ধ করতে প্রশিক্ষণের প্রয়োজন।

প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশিক্ষণ নতুন ধারণা দেয়। কিন্তু সেই ধারণা বাস্তবে কাজে লাগাতে মৎস্যজীবীদের নিজেদের উদ্যোগী হতে হবে। আগের বছরের তুলনায় কীভাবে উৎপাদন বাড়ানো যায়, সে পরিকল্পনা প্রত্যেক চাষীকেই করতে হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত মৎস্যজীবীদের অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সবাইকে সরাসরি প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। তাই যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁদের নিজেদের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান অন্য মৎস্যজীবীদের সঙ্গে ভাগ করে নিতে হবে। এতে সামগ্রিকভাবে মাছের উৎপাদন বাড়ানো সম্ভব হবে।

মৎস্যজীবীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির উদ্যোগ

মৎস্যজীবী পরিবারের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে জেলা প্রশাসনের উদ্যোগের কথা জানিয়ে জাহিদুল ইসলাম মিঞা বলেন, জেলার মৎস্যজীবীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে একটি নির্দিষ্ট মানদণ্ড তৈরির চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘আমরা মৎস্যজীবী ভাইদের সন্তানদের জন্য একটি স্কলারশিপের ব্যবস্থা করার চেষ্টা করছি।’

জেলা প্রশাসক বলেন, ভবিষ্যতের পৃথিবী হবে আরও বেশি প্রযুক্তিনির্ভর। তাই মৎস্যজীবীদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানো এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করা জরুরি। নতুন প্রজন্ম প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে না পারলে ভবিষ্যতের প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান

বক্তব্যে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের নজর রাখতে হবে।

জাহিদুল ইসলাম মিঞা বলেন, শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াই জীবনের সফলতা নয়। সন্তানদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। পরিবার ও সমাজ নিরাপদ না হলে অর্থনৈতিক উন্নয়নের সুফল পুরোপুরি পাওয়া সম্ভব নয়।

অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তার কাজের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, জেলেপল্লি পরিদর্শনের সময় মৎস্যজীবীদের সঙ্গে ওই কর্মকর্তার আন্তরিক সম্পর্ক তাঁকে মুগ্ধ করেছে। সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাধারণ মানুষের এমন সম্পর্কই থাকা উচিত।

মৎস্যজীবীদের সমস্যা ও প্রয়োজন সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দিয়ে জাহিদুল ইসলাম মিঞা বলেন, মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ খাতের উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে।

প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে জেলা প্রশাসক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়