Homeসংবাদচট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের নামে ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি,...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের নামে ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে বাড়িতে গুলির অভিযোগ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হানের’ নাম ব্যবহার করে এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সাত থেকে আট মাস ধরে হুমকি দেওয়ার পর চাঁদা না পেয়ে গতকাল রোববার (১৫ নভেম্বর) রাতে ওই ব্যবসায়ীর আবাসিক ভবন লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদ নগর কমিশনার বাড়ি সংলগ্ন এলাকায় ব্যবসায়ী জাফরের ভবনে এ ঘটনা ঘটে। গুলিতে ভবনের কাচের জানালা ভেঙে গেছে। ঘটনাস্থল থেকে চারটি পিস্তলের গুলির খোসা ও একটি রাইফেলের কার্তুজের খোসা উদ্ধার করেছে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন টিবিএসকে বলেন, ‘রাত ১২টার পর ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয়ভাবে পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা গেছে বলে জানা গেছে।’

তিনি বলেন, ‘ব্যবসায়ীর দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হানের নাম ব্যবহার করে গত সাত থেকে আট মাস ধরে তার কাছে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হচ্ছিল। এ ঘটনায় পুলিশ একটি মোবাইল ফোন নম্বর ও চাঁদা দাবির অডিও রেকর্ড পেয়েছে। এগুলোর সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চলছে।’

পুলিশ জানায়, ব্যবসায়ী জাফরের বাড়ি রাউজানে। তিনি নগরের ওই ভবনে বসবাস করতেন এবং জমি কেনাবেচার ব্যবসা করেন। দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হলেও তিনি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাননি। এ ঘটনায় সোমবার বায়েজিদ বোস্তামী থানায় মামলা করার কথা রয়েছে।

কে এই শুটার রায়হান

মোহাম্মদ রায়হান আলম রায়হান উদ্দিন বা ‘শুটার রায়হান’ নামেও পরিচিত। চট্টগ্রাম নগর ও জেলার অপরাধজগতে তিনি আলোচিত একটি নাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে।

রায়হান বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। কারাগারে থাকার সময় ছোট সাজ্জাদের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি। ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে মুক্তি পেয়ে তিনি অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। পরে ছোট সাজ্জাদ ও ডেভিড ইমন গ্রেপ্তার হলে তাদের নেটওয়ার্কের অস্ত্রভাণ্ডার ও অপরাধজগতের নিয়ন্ত্রণ রায়হানের হাতে চলে আসে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে চট্টগ্রামের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ফোন দিয়ে চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না পেলে অনুসারীদের দিয়ে গুলিবর্ষণ ও হামলা চালানোর অভিযোগও রয়েছে।

পতেঙ্গা সমুদ্রসৈকতে ঢাকাইয়া আকবর হত্যা, বাকলিয়ায় জোড়া খুন, রাউজানে যুবদল কর্মী ইব্রাহিম হত্যা, পশ্চিম কুয়াইশে মাসুদ ও আনিস হত্যা এবং চান্দগাঁওয়ে ব্যবসায়ী তাহসিন হত্যাসহ একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে নগরের চন্দনপুরায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায়ও রায়হান ও তার সহযোগীদের নাম আলোচনায় আসে।

পুলিশের একাধিক অভিযান সত্ত্বেও রায়হান এখনো গ্রেপ্তার হননি। র‍্যাব-৭-এর তথ্য অনুযায়ী, দুর্গম পাহাড়ি এলাকায় আস্তানা গড়ে তোলা এবং অবস্থান শনাক্তকরণ এড়াতে প্রযুক্তি ব্যবহারের কারণে তাকে গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে রায়হানের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বরে সীতাকুণ্ড ও রাউজানে পৃথক অভিযানে তার ঘনিষ্ঠ সহযোগী দিদার আলম, আফসার মিয়া ও শাহাদাত হোসেন সাজ্জাদসহ কয়েকজনকে অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়