চিকিৎসা পেশা শুধু জীবিকা অর্জনের মাধ্যম নয়, এটি মানবসেবার এক মহান দায়িত্ব। একজন চিকিৎসক যত বড় বিশেষজ্ঞই হোন না কেন, দরিদ্র ও অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর মানসিকতা না থাকলে তাঁর চিকিৎসক জীবনের অর্জন পূর্ণতা পায় না। সামর্থ্য অনুযায়ী অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসকদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, চিকিৎসকদের পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। হাসপাতালে আসা অনেক রোগীই দরিদ্র, অসহায় ও নিম্নমধ্যবিত্ত পরিবারের। তাদের প্রতি চিকিৎসকদের সহানুভূতিশীল হতে হবে। রোগীদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে এবং তাদের মানসিকভাবে আশ্বস্ত করতে হবে। একজন চিকিৎসকের আন্তরিক কথা ও সুন্দর আচরণ রোগীর সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইউএসটিসি (আইএএইচএস) মেডিকেল আয়োজিত ইন্টার্ন বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন ও ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে প্রশাসক বলেন, ইন্টার্নশিপ চিকিৎসকদের পেশাগত জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ে প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে হাতে-কলমে চিকিৎসা শেখার কোনো বিকল্প নেই। প্রতিটি ঘণ্টা, মিনিট ও সেকেন্ডকে শেখার কাজে ব্যয় করতে হবে। ইন্টার্নশিপে যত বেশি সময় ও মনোযোগ দিয়ে অভিজ্ঞতা অর্জন করা যাবে, ভবিষ্যতে তত বেশি দক্ষ চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, একজন চিকিৎসকের কাজ শুধু রোগের লক্ষণ শনাক্ত করা নয়, বরং রোগের প্রকৃত কারণ খুঁজে বের করে সঠিক রোগ নির্ণয় করা। সিনিয়র চিকিৎসকদের কাছ থেকে হাতে-কলমে কাজ শেখার পাশাপাশি রোগীর বিভিন্ন পরীক্ষার ফলাফল বিশ্লেষণ ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে। ইন্টার্নশিপের সময় অর্জিত অভিজ্ঞতাই ভবিষ্যৎ চিকিৎসক জীবনের শক্ত ভিত্তি তৈরি করবে।
চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় রোগীর স্বজনেরা উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে চিকিৎসার বিষয়ে জানতে চান। এটিকে চিকিৎসকের প্রতি অনাস্থা বা চ্যালেঞ্জ হিসেবে দেখা উচিত নয়। বরং তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে রোগীর চিকিৎসা সম্পর্কে আশ্বস্ত করতে হবে। চিকিৎসকদের মানবিক আচরণ রোগী ও স্বজনদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উচ্চতর চিকিৎসাশিক্ষার ওপর গুরুত্ব দিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, ইন্টার্নশিপ শেষ হওয়ার পরও পড়াশোনা অব্যাহত রাখতে হবে। চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই একজন দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিয়মিত পড়াশোনা, গবেষণা ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের প্রতি মনোযোগী হতে হবে। শেখার কোনো শেষ নেই; চিকিৎসকদের মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জনের মানসিকতা ধরে রাখতে হবে।
তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রতি চিকিৎসকদের বিশেষ দায়িত্ব রয়েছে। নিজেদের অবস্থান থেকে সেই দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। মানবিকতা, নৈতিকতা ও পেশাগত দক্ষতার সমন্বয়েই একজন আদর্শ চিকিৎসক গড়ে ওঠেন।
ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শরিফুল ইসলাম অভির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. তানজিমা ও বাইতুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ও নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বদিউল আলম বাদল, বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. সুলতানা রুমা আলম, বিশিষ্ট নিউরোসার্জন ডা. মাজেদ সুলতান, মেডিসিন বিভাগের প্রধান ডা. সৈয়দ জাবেদ, শিশু বিশেষজ্ঞ ডা. রাসেল ফরিদ, চট্টগ্রাম জেলা ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিফাত কামাল রনি, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. জায়েদ বাশরী, ইউএসটিসি মেডিকেলের সাবেক সভাপতি ডা. মোহাম্মদ গিয়াস উদ্দিন নয়ন, ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. মতিউর রহমান, বর্তমান আইডিএ উপদেষ্টা সূফি মহাম্মদ ওমা ও আরিফ উদ দৌলা, ইউএসটিসি মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. হাবিবুল করিম তানিম, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. তাউসিফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আল মারুফ ও সাংগঠনিক সম্পাদক ডা. সানজিদা।
এ সময় ইউএসটিসির শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়।


