Homeএই মুহুর্তেনিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনিবন্ধিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রশাসক

নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনিবন্ধিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রশাসক

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে নিরাপদ ও মানসম্মত ডেন্টাল চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনিবন্ধিত ও অদক্ষ ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরীতে নিবন্ধনহীন ও অযোগ্য ব্যক্তিদের ডেন্টাল চিকিৎসা কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে ডেন্টাল সোসাইটির সদস্যদেরও প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত প্রথম সায়েন্টিফিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, চিকিৎসাসেবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রম চলতে দেওয়া যায় না। সাধারণ মানুষ যাতে নিবন্ধিত ও যোগ্য চিকিৎসকদের কাছ থেকে নিরাপদ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনিবন্ধিত ও অদক্ষ ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রমের তথ্য ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে সরবরাহ করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীকে আধুনিক, নান্দনিক ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে বিমানবন্দর সড়ককে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নতুন রূপ দেওয়া হয়েছে। সড়কের মিডিয়ান আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির ফুল ও সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশে প্রথমবারের মতো ২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে। এ সাইকেল ট্র্যাক পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামকে ‘ওয়ান সিটি টু টাউন’ ধারণায় এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কর্ণফুলী নদীর একটি দ্বীপে ইকোপার্ক গড়ে তোলা, সেখানে ১২০ মেগাওয়াটের সোলার এনার্জি সেন্টার স্থাপন এবং পাখির অভয়ারণ্য তৈরির পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কর্ণফুলী থেকে বোয়ালখালী পর্যন্ত পর্যটকদের জন্য মেরিন ড্রাইভ নির্মাণের বিষয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

নগরীর শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের সুস্থ বিকাশে খেলার মাঠের গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছিল। এরই মধ্যে ১১টি খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি মাঠগুলোও গড়ে তোলা হবে।

নগরীর প্রাণকেন্দ্রে আধুনিক সিটি সেন্টার গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, র‍্যাডিসন ব্লু হোটেলের সামনে প্রায় তিন একর জায়গায় একটি উন্নতমানের সিটি সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। জায়গাটি আগে জিয়া শিশু পার্ক হিসেবে পরিচিত ছিল। নগরবাসীর জন্য একটি আধুনিক নাগরিক ও বিনোদনকেন্দ্র হিসেবে স্থানটিকে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম এমন একটি শহর, যেখানে সমুদ্র ও পাহাড়ের অপূর্ব সমন্বয় রয়েছে। এ শহরের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি শহরকে সুন্দর করা সম্ভব নয়; নাগরিকদেরও শহরকে নিজের মনে ধারণ করতে হবে এবং ভালোবাসতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও নাগরিক সচেতনতার মাধ্যমে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরীতে পরিণত করা সম্ভব।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে পেশাজীবী, চিকিৎসক, সামাজিক সংগঠন ও নগরবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়